NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

আন্ডারচরে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন, তিন ইউনিয়নের নিরাপত্তায় জোর

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুধারাম মডেল থানাধীন আন্ডারচর এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ক্যাম্পটির উদ্বোধন করেন।

আন্ডারচর, চরমটুয়া ও কালাদরফ—এই তিন ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে আন্ডারচরে এ অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

ক্যাম্প উদ্বোধন শেষে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, একটি শান্ত ও নিরাপদ সমাজ বিনির্মাণে পুলিশ প্রশাসন ও জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্ডারচর এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই অস্থায়ী পুলিশ ক্যাম্পটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ লিয়াকত আকবর এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মোঃ নূরুল হুদা ভূঁইয়া।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *