নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলায় আবদুল্লাহ আল সাইফ (১৩) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার বিনোদনপুর ইউনিয়নের জামালপুর এলাকায় একটি ফার্মেসির পেছনের চেম্বার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাইফ সদর উপজেলার দক্ষিণ কাদির হানিফ এলাকার মো. সোহাগের ছেলে। সে জামালপুর এলাকার কাউছার আহমেদের ফার্মেসিতে সহকারী হিসেবে কাজ করত।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, মোবাইল ফোন কেনার জন্য সাইফ ফার্মেসির মালিকের কাছে টাকা চেয়েছিল। টাকা না পাওয়ায় অভিমান থেকে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো কারণ জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন বিকেলে ফার্মেসির মালিক কাউছার আহমেদ কিছু সময়ের জন্য বাইরে যান। এ সময় সাইফ ফার্মেসির পেছনের চেম্বারে যায়। বিকেল সোয়া ৩টার দিকে মালিক ফিরে এসে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে চেম্বারের ভেতরে সাইফকে সিলিং ফ্যানের সঙ্গে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে সোনাপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাওসারুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
পুলিশ বলছে, কিশোরের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষ হওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।
নোয়াখালী খবর এক্সপ্রেস
সত্যের সন্ধানে অবিচল












Leave a Reply