NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

নিঝুমদ্বীপে শিয়ালের আক্রমণে মারা গেল মানুষের প্রিয় চিত্রা হরিণ ‘বিজলী’

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে শিয়ালের আক্রমণে মারা গেছে স্থানীয় বাসিন্দাদের ভালোবাসায় বেড়ে ওঠা পরিচিত চিত্রা হরিণ ‘বিজলী’। দীর্ঘ ৯ থেকে ১০ বছর ধরে লোকালয়ে বিচরণ করা হরিণটির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দ্বীপজুড়ে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম নিয়াজী হরিণটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নিঝুমদ্বীপের নামার বাজার এলাকায় শিয়ালের আক্রমণের শিকার হয় বিজলী। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ক্ষত সৃষ্টি হয়। পরে আহত অবস্থায় হরিণটির মৃত্যু হয়। বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নামার বাজার জামে মসজিদের কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৬ সালে নিঝুমদ্বীপের বনের ভেতর অসুস্থ অবস্থায় পাওয়া যায় বিজলীকে। পরে স্থানীয় বাসিন্দারা তাকে নামার বাজার এলাকায় নিয়ে আসেন। সেখানে দুধ পান করানোসহ প্রয়োজনীয় পরিচর্যা ও আদর-যত্নে বড় করে তোলেন তারা।

মানুষের সান্নিধ্যে বেড়ে ওঠায় ধীরে ধীরে লোকালয়ের পরিবেশে অভ্যস্ত হয়ে পড়ে বিজলী। এরপর থেকে দ্বীপের বিভিন্ন এলাকায় স্বাধীনভাবে ঘুরে বেড়াত সে। স্থানীয় বাসিন্দারা নিয়মিত তাকে খাবার দিতেন। দ্বীপে বেড়াতে আসা দেশি-বিদেশি পর্যটকদের কাছেও হরিণটি ছিল বেশ পরিচিত।

দীর্ঘদিনের সখ্য ও মানুষের ভালোবাসায় বিজলী নিঝুমদ্বীপের মানুষের কাছে শুধু একটি বন্য প্রাণী নয়, বরং দ্বীপের পরিচিত এক সঙ্গী হয়ে উঠেছিল।

জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম নিয়াজী জানান, শিয়ালের আক্রমণে বিজলী গুরুতর আহত হয়েছিল। তার শরীরের বিভিন্ন অংশে ক্ষত সৃষ্টি হয়। পরে হরিণটির মৃত্যু হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বন বিভাগের পক্ষ থেকে দাফনের ব্যবস্থা করা হয়।

প্রিয় হরিণটিকে হারিয়ে শোকাহত নিঝুমদ্বীপের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে মিশে থাকা বিজলীর অনুপস্থিতি স্থানীয়দের মনে তৈরি করেছে এক শূন্যতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *