নোয়াখালী খবর এক্সপ্রেস | সংবাদ ডেস্ক
জরুরি মুহূর্তে শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে নোয়াখালীর কবিরহাটে বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবার আলো ফাউন্ডেশন’।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে কবিরহাটে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংগঠনটির এ উদ্যোগের লক্ষ্য হলো জরুরি স্বাস্থ্য পরিস্থিতিতে অক্সিজেনের প্রয়োজন হওয়া রোগীদের দ্রুত সহায়তা দেওয়া।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ইমরান নাজিরের সভাপতিত্বে এবং পৌরসভা ইউনিটের সাধারণ সম্পাদক জীবন উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন এবং কবিরহাট পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মেসবাহ উদ্দিন ভূঁইয়া।
বক্তারা বলেন, শ্বাসকষ্টসহ বিভিন্ন জরুরি স্বাস্থ্য পরিস্থিতিতে সময়মতো অক্সিজেন পাওয়া রোগীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দরিদ্র ও অসহায় পরিবারের রোগীদের জন্য বিনামূল্যে এ ধরনের সেবা বড় সহায়তা হতে পারে। তাঁরা সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শামীম জানান, এখন থেকে কবিরহাট উপজেলার যেকোনো প্রান্তের জরুরি রোগীরা দিন-রাত ২৪ ঘণ্টা সম্পূর্ণ বিনামূল্যে এ অক্সিজেন সেবা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানের শেষপর্বে সমাজকল্যাণমূলক ও মানবিক কর্মকাণ্ডের প্রচার-প্রসারে অবদানের স্বীকৃতি হিসেবে কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার কয়েকজন সাংবাদিককে সম্মাননা সনদ দেওয়া হয়।
এ সময় সংগঠনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জরুরি রোগীদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে মানবিক সহায়তার একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।














Leave a Reply