NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

নোয়াখালীতে মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের প্রধান ফটকের কিছু অংশ পুড়ে গেছে এবং দুটি জানালার কাচ ভাঙচুর করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে চৌমুহনী পূর্ব বাজারের নাপিতের পোল এলাকায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী চৌমুহনী পূর্ব বাজারের কাচারি বাড়ি মসজিদের সামনে জড়ো হন। পরে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তাঁরা একটি মিছিল বের করেন। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাপিতের পোল এলাকায় পৌঁছায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনে যান। একপর্যায়ে কার্যালয়ের প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সময়ে ভবনের বাইরের দুটি জানালার থাই গ্লাস ভাঙচুর করা হয়। আগুনে প্রধান ফটকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে কার্যালয়ের কর্মচারীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার পরপরই মিছিলকারীরা সেখান থেকে চলে যান।

এ ঘটনায় চৌমুহনী বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিছিলকারীরা গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের প্রধান ফটকে আগুন ধরিয়ে দেন এবং দুটি জানালার কাচ ভাঙচুর করেন। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কেউ হতাহত হননি।

নোয়াখালী খবর এক্সপ্রেস (NKE)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *