NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

ছয়ানীতে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পুলিশের হেফাজতে

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে তৃতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাইফুল ইসলাম নামে এক শিক্ষককে গণপিটুনি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ছয়ানী ইউনিয়নের ছয়ানী বাজার এলাকায় অবস্থিত মারকাযে আহমদ ছয়ানী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাইফুল ইসলাম ওই মাদ্রাসার সহকারী শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসাটির তৃতীয় শ্রেণির ওই ছাত্রী বাড়িতে ফিরে তার মায়ের কাছে শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করে। শিশুটির মা জানান, তার মেয়ে কয়েক দিন ধরে বিষয়টি নিয়ে অস্বস্তিতে ছিল এবং শনিবার সকালে মাদ্রাসায় যেতে অনীহা প্রকাশ করে। পরে মেয়ের কাছ থেকে বিস্তারিত জানার পর তিনি বিষয়টি স্থানীয় লোকজনকে জানান।

এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তারা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করেন এবং মারধর করেন।

খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত শিক্ষককে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবিরের বরাত দিয়ে জানা যায়, এ ঘটনায় শিশুটির মা শনিবার রাতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

এদিকে, শিশুটির পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

নোয়াখালী খবর এক্সপ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *