NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

নুহাকে শ্বাসরোধে হত্যা, ময়নাতদন্তের প্রতিবেদনে তথ্য; শনাক্ত হয়নি জড়িতরা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সাত বছর বয়সী মাদ্রাসাছাত্রী তাইবা ইলহাম নুহার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ময়নাতদন্ত প্রতিবেদনে। শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ঘটনার আট দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। এর আগে সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে পাঠানো হয়।

নিহত নুহা বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের দক্ষিণ নয়নপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। সে মাহতাপুর নূরানী মাদ্রাসার প্রথম জামাতের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর বড় ভাইয়ের সঙ্গে মাদ্রাসায় কোচিং করতে গিয়ে নিখোঁজ হয় নুহা। পরে সন্ধ্যায় নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের মাহতাপুর গ্রামে একটি ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির শরীরে আঘাতের চিহ্নও দেখতে পান স্বজনেরা।

পরিবারের অভিযোগ, শুরু থেকেই তারা ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে দাবি করে আসছিলেন। তবে প্রথমে পুলিশ ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর শিশুটিকে শ্বাসরোধে হত্যার বিষয়টি নিশ্চিত হয়।

এদিকে ঘটনার আট দিন পার হলেও জড়িতদের শনাক্ত বা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। তারা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানিয়েছেন, ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

শিশু নুহার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

নোয়াখালী খবর এক্সপ্রেস (NKE)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *