নিজস্ব প্রতিবেদক | নোয়াখালী খবর এক্সপ্রেস
নোয়াখালীর চাটখিলে নিখোঁজ হওয়ার পর মোহাম্মদ রাসেল (২৮) নামে এক শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ৮ নম্বর নোয়াখলা ইউনিয়নের সানখালী গ্রামের রেহান উদ্দিন হাজী বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাসেল উপজেলার সিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে। তিনি ৮ নম্বর নোয়াখলা ইউনিয়ন শ্রমিকদলের নেতা ছিলেন।
যেভাবে নিখোঁজ হন রাসেল
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাসেলের সঙ্গে তাঁর স্ত্রী মুক্তা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। গত ৬ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে স্ত্রীর ফোন পেয়ে শ্বশুরবাড়িতে যান রাসেল। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে ৭ নভেম্বর চাটখিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর বাবা সিরাজুল ইসলাম।
দুর্গন্ধের সূত্র ধরে মিলল মরদেহ
বৃহস্পতিবার গভীর রাতে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফের নেতৃত্বে পুলিশের একটি দল এবং স্থানীয় কয়েকজন ব্যক্তি রাসেলের শ্বশুরবাড়িতে যান। তাঁদের সঙ্গে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানাও ছিলেন।
এ সময় বাড়ির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে সন্দেহের সৃষ্টি হয়। পরে ঘরটিতে তল্লাশি চালিয়ে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ পাওয়া যায়। মরদেহটি পুরোনো লেপ-তোশক দিয়ে ঢেকে রাখা হয়েছিল।
বাবার দাবি, ছেলেকে হত্যা করা হয়েছে
ছেলের মরদেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়েন বাবা সিরাজুল ইসলাম। তিনি দাবি করেন, তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিচারের দাবি জানান তিনি।
স্থানীয়দের ধারণা, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশের বক্তব্য
চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ জানান, নিখোঁজ রাসেলের বাবার করা সাধারণ ডায়েরির সূত্র ধরে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে তাঁর শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।














Leave a Reply