চাটখিল প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলায় শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মীর হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার ৭ নম্বর হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের বক্তারপুর এলাকার মুন্সি চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও নিহতের নাতি হাবিবুর রহমান আসিফের (১৪) বক্তব্য অনুযায়ী, বাড়ির শিশু-কিশোররা ফুটবল খেলার সময় একই বাড়ির ফয়সালের মায়ের গায়ে বল লাগে। এ নিয়ে শিশুদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। পরে শিশুরা তাঁর কাছে ক্ষমা চায়।
এ ঘটনার পর ফয়সালের স্ত্রী মোবাইল ফোনে তাঁর স্বামীকে বিষয়টি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থলে আসেন বলে অভিযোগ উঠেছে। সেখানে তিনি খেলার মাঠে শিশুদের ওপর হামলা চালান বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এ সময় নিজের নাতিসহ অন্য শিশুদের রক্ষা করতে মীর হোসেন এগিয়ে গেলে ফয়সাল তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ করেন নিহতের নাতি। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সন্ধ্যায় চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবাশীষ রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল হাসপাতালে যায়। এ সময় পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে।
এদিকে মীর হোসেনের মৃত্যুর খবরে হাসপাতালে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁদের কান্না ও আহাজারিতে হাসপাতাল এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Noakhali Khabar Express















Leave a Reply