নিজস্ব প্রতিবেদক | লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর শহরে খাদ্যপণ্যের মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি মিষ্টির দোকানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) শহরের চকবাজার ও কালীবাজার রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে চকবাজারের বিসমিল্লাহ সুইটস অ্যান্ড বিরিয়ানি হাউজ এবং কালীবাজার রোডের মিষ্টি মেলা নামের দুটি প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম শনাক্ত করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠান দুটিতে খাদ্যপণ্যের যথাযথ লেবেলিং না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের মতো অনিয়ম পাওয়া যায়।
এসব অপরাধে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠান দুটিকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খান ও হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে বিএসটিআই নোয়াখালী কার্যালয়ের ফিল্ড অফিসার মো. হাসিবুল ইসলাম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানে লক্ষ্মীপুর জেলা পুলিশ সহযোগিতা করে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি, মান নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় অনুমোদন মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।















Leave a Reply