NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

নারীর নিরাপত্তা ও সমঅধিকারের দাবিতে নোয়াখালীতে সংহতি সমাবেশ ও অরেঞ্জ মার্চ

নোয়াখালী প্রতিনিধি: নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্য বন্ধের আহ্বানে নোয়াখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে সংহতি সমাবেশ ও অরেঞ্জ মার্চ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি অরেঞ্জ মার্চ বের করেন। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা এখনো সমাজের জন্য বড় চ্যালেঞ্জ। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণপরিসর থেকে শুরু করে অনলাইন জগতেও নারীরা নানা ধরনের সহিংসতা ও হয়রানির শিকার হচ্ছেন। পারিবারিক নির্যাতন, বাল্যবিবাহ, যৌন হয়রানি ও ডিজিটাল মাধ্যমে নিপীড়ন নারীর স্বাভাবিক জীবনযাপন ও মর্যাদাকে বাধাগ্রস্ত করছে।

বক্তারা আরও বলেন, নির্যাতনের শিকার অনেক নারী সামাজিক অপমান, ভয়ভীতি ও বিচার পেতে দীর্ঘসূত্রতার কারণে অভিযোগ জানাতেও পিছিয়ে থাকেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে আইনের কার্যকর প্রয়োগ, দ্রুত বিচার এবং ভুক্তভোগীদের নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করা জরুরি।

সমাবেশে নোয়াখালী নারী অধিকার জোটের সভাপতি রওশন আক্তার লাকী, নারী সংগঠক নুরজাহান রিনি, স্বেচ্ছাসেবী সংগঠন এসএইচবিওর নির্বাহী প্রধান ফাহিদা সুলতানা, নারী উদ্যোক্তা ফৌজিয়া নাজনীনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

বক্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনের ওপর নির্ভর না করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম এবং সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে নারীর প্রতি অসম্মানজনক আচরণ, বৈষম্য, অনলাইন হয়রানি ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তাঁরা।

শুরু হলো ১৬ দিনের আন্তর্জাতিক প্রচারাভিযান

প্রতি বছর ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়। এ দিবসকে কেন্দ্র করে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পর্যন্ত বিশ্বব্যাপী ১৬ দিনব্যাপী নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচারাভিযান পরিচালিত হয়।

এ কর্মসূচির লক্ষ্য নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, মর্যাদা, অধিকার এবং ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে জনসচেতনতা বাড়ানো।

নোয়াখালীর সংহতি সমাবেশ ও অরেঞ্জ মার্চ থেকেও নারীর নিরাপদ জীবন, সমঅধিকার এবং সব ধরনের সহিংসতা ও বৈষম্য বন্ধে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, নারীরা নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ না পেলে সমাজের সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই নারী নির্যাতন প্রতিরোধকে শুধু একটি দিবসের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে সারা বছর সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে কার্যকর উদ্যোগ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *