নোয়াখালী প্রতিনিধি | ২৫ নভেম্বর ২০২৬
নোয়াখালীর কবিরহাটে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার পর পুকুরে গোসল করতে নেমে মিনহাজ আহম্মেদ সীমান্ত (১১) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গোসলের একপর্যায়ে পুকুরের সিঁড়ির নিচে আটকে তার মৃত্যু হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ছনখোলা এলাকার একটি পুকুরের সিঁড়ির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
নিহত মিনহাজ আহম্মেদ সীমান্ত নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নরোত্তমপুর গ্রামের কালামিয়ার পোল এলাকার মৃত জহিরুল ইসলাম জুয়েলের ছেলে। সে স্থানীয় নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের মাঠে দুই বন্ধুর সঙ্গে ফুটবল খেলেছিল সীমান্ত। খেলা শেষে তিন বন্ধু পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় তারা পুকুরের সিঁড়ির এক পাশ দিয়ে পানিতে নেমে অন্য পাশ দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল।
একপর্যায়ে সীমান্ত পুকুরের সিঁড়ির নিচে আটকে যায়। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও তাকে পানির ওপরে ভেসে উঠতে না দেখে তার দুই বন্ধু বিষয়টি স্থানীয়দের জানায়। পরে স্থানীয় বাসিন্দারা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে পুকুরের সিঁড়ির নিচ থেকে সীমান্তের মরদেহ উদ্ধার করা হয়।
কবিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নুরুল কবির সরকার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। রাত ৮টার দিকে পুকুরের সিঁড়ির নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল বড়ুয়া জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।
এদিকে অল্প বয়সী শিক্ষার্থী সীমান্তের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।














Leave a Reply