NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

চাটখিলের আট ইউনিয়ন পরিষদে তালা, ব্যাহত জনসেবা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলায় নয়টি ইউনিয়ন পরিষদের মধ্যে আটটিতে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে পর্যায়ক্রমে এসব ইউনিয়ন পরিষদে তালা দেওয়া হয়। এতে সাধারণ মানুষের সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার ঘটনা ঘটেছে।

তালা দেওয়া ইউনিয়ন পরিষদগুলো হলো—রামনারায়ণপুর, পরকোট, বদলকোট, মোহাম্মদপুর, পাঁচগাঁও, হাটপুকুরিয়া-ঘাটলাবাগ, নোয়াখলা ও খিলপাড়া। উপজেলার একমাত্র শাহাপুর ইউনিয়ন পরিষদে তালা দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট চেয়ারম্যানদের বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যানদের ওপর রাজনৈতিক ক্ষোভের কারণে এ ঘটনা ঘটেছে। কয়েকটি পরিষদে নেতাকর্মীরা ‘ওপরের নির্দেশ’ রয়েছে বলে তালা দিয়েছেন বলেও অভিযোগ করেছেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচগাঁও ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার আগে চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেনের বাড়ির সামনে নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দেন। পরে পরিষদ কার্যালয়ে প্রবেশ করে তাঁর কক্ষের আসবাবপত্র ভাঙচুর ও প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করার অভিযোগ ওঠে। এ সময় সেবাপ্রার্থী ও কর্মচারীদেরও কার্যালয় থেকে বের করে দেওয়া হয়।

অন্যদিকে নোয়াখলা ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার সময় জন্মনিবন্ধন ও টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম চলছিল। এ ঘটনায় এসব সেবাও ব্যাহত হয়। পরে টিসিবির পণ্য বিতরণ করতে ডিলারকে সড়কে দাঁড়িয়ে কার্যক্রম পরিচালনা করতে হয়।

চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ জানিয়েছেন, তিনি বিষয়টি পরে জানতে পেরেছেন এবং এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।

আটটি ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান। তিনি জানান, স্থানীয় কিছু নেতাকর্মী চেয়ারম্যানদের প্রতি ক্ষোভ থেকে এ ঘটনা ঘটিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের জানানো হয়েছে, ইউনিয়ন পরিষদ একটি সরকারি সেবামূলক প্রতিষ্ঠান; এভাবে কার্যক্রম বন্ধ রাখা সরকারের স্বার্থের পরিপন্থী।

ইউএনওর বক্তব্য অনুযায়ী, আলোচনার পর আগামী রোববার থেকে ইউনিয়ন পরিষদগুলোর কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত হয়েছে।

নোয়াখালী খবর এক্সপ্রেস (NKE)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *