NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

সুবর্ণচরে সাড়ে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার, পলাতক আরও তিন

নিজস্ব প্রতিবেদক | নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সুবর্ণচরে পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ রুহুল আমিন (৫৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে পলাতক আসামি করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৭০ হাজার টাকা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার চরজব্বার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর বাগ্যা এলাকায় রুহুল আমিনের বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় তাঁকে আটক করা হয়।

পরে তাঁর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি তালাবদ্ধ কাঠের বাক্সের ভেতর থেকে চারটি পুঁটলায় মোড়ানো মোট ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৭০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় রুহুল আমিনের ছেলে মো. মিরাজ উদ্দিন (৩১), একই গ্রামের সায়দুল হকের ছেলে মো. নাজিম (৪৫) এবং মো. ফারুক (৫৫)-এর সংশ্লিষ্টতার কথা জানিয়েছে পুলিশ। তাঁরা বর্তমানে পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চরজব্বার থানার অফিসার মো. রফিকুল হাসান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার এবং মাদক উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের তৎপরতা অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *