গাজীপুর: পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণে আহত হয়েছেন দৈনিক কালবেলার প্রতিবেদক মামুন হোসাইন (২৩)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের বাসন থানাধীন ভোগরা বাইপাস ফ্লাইওভারের পাশে এ ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শ্রমিকদের আন্দোলনের খবর সংগ্রহ করার সময় সাংবাদিক মামুনের পায়ের ওপর একটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরিত হয়। এতে তাঁর ডান পা ও কানে আঘাত লাগে।
পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। দুপুর ১টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, গাজীপুর থেকে আহত অবস্থায় এক সাংবাদিককে হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছে।
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় এমন ঘটনায় সংবাদকর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।















Leave a Reply