NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

সেনবাগে মাকে মারধর ও বাড়িতে আগুন, ছেলের ৬ মাসের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে মাকে মারধর, বসতঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় মো. সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বিজবাগ ইউনিয়নের শ্যামেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইরফানুল হক চৌধুরী এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সাইফুল ওই গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। পরিবারের অভিযোগের ভিত্তিতে সেনবাগ থানা-পুলিশ তাঁকে নিজ বাড়ি থেকে আটক করে। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়।

নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের নির্যাতনের অভিযোগ

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাইফুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য তিনি প্রায়ই মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করতেন এবং মারধর করতেন বলে অভিযোগ রয়েছে।

সোমবার দুপুরে মাদকাসক্ত অবস্থায় তিনি বসতঘরে আগুন দেন, ভাঙচুর করেন এবং মাকে মারধর করেন। পরে পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান।

যেভাবে দেওয়া হয় দণ্ডাদেশ

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরী জানান, সাইফুলের অত্যাচারের বিষয়ে তাঁর বোন ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে জানায়।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সাইফুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *