মাদারীপুর প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা সম্পর্কের পর একসঙ্গে থাকার দাবিতে মাদারীপুরের কালকিনিতে এক তরুণের বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছেন আরেক তরুণ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকাল বরিশ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবদ্বীপ চন্দ্র দাশ (১৯) ওই গ্রামের রণজিৎ চন্দ্র দাশের ছেলে। অন্যদিকে, মাহিন মুন্সি মাদারীপুর সদর উপজেলার বাসিন্দা বিল্লাল মুন্সির ছেলে।
সংশ্লিষ্ট দুজনের বক্তব্য অনুযায়ী, টিকটকের মাধ্যমে তাঁদের পরিচয় হয়। পরে নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা ও প্রেমের সম্পর্ক তৈরি হয়। বর্তমানে তাঁরা একসঙ্গে থাকতে এবং বিয়ে করতে আগ্রহী বলে জানিয়েছেন।
সেই ইচ্ছার কথা জানিয়ে মঙ্গলবার নবদ্বীপের বাড়িতে গিয়ে অবস্থান নেন মাহিন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এর আগেও তিনি ওই বাড়িতে দুইবার এসেছিলেন। এবার বিয়ের দাবিতে অবস্থান নেওয়ায় বিষয়টি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।
এ বিষয়ে দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আলী আকবর হিলালু জানান, ঘটনাটি তাঁর পাশের বাড়িতে ঘটেছে। খবর পেয়ে তিনি বিষয়টি কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট পরিবারের সদস্যদেরও বিষয়টি অবহিত করেছেন।
তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা পরবর্তী পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি।















Leave a Reply