নিজস্ব প্রতিবেদক | Noakhali Khabar Express
নোয়াখালীর সুবর্ণচরে খাসজমি বন্দোবস্ত ও ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে ভূমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
‘দুনিয়ার মজদুর এক হও, খাসজমি বন্দোবস্ত চাই, ভূমিহীনের অধিকার চাই’—এ স্লোগানকে সামনে রেখে শনিবার (১৪ নভেম্বর) উপজেলার চরজুবলী ইউনিয়নের দক্ষিণ বাগ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’ এ সম্মেলনের আয়োজন করে। এতে শত শত ভূমিহীন নারী-পুরুষ ও স্থানীয় বাসিন্দা অংশ নেন।
চরজুবলী ইউনিয়ন ভূমিহীন সংগঠনের সভাপতি মোস্তফা কারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কালাম মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মোস্তফা কারী।
সম্মেলনে বক্তব্য দেন সমাজসেবক ও রাজনীতিবিদ নিজাম উদ্দীন ফারুক, চরজুবলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য মঞ্জুর আলম ও আমেনা বেগম, পাংখার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন বাবুল, ‘নিজেরা করি’র চট্টগ্রাম বিভাগীয় সংগঠক মতিয়ার রহমান এবং কিশোরী আছিয়া।
অনুষ্ঠানের শেষ পর্বে নতুন কমিটির সদস্যদের পরিচিতি তুলে ধরা হয় এবং তাঁদের শপথবাক্য পাঠ করান ‘নিজেরা করি’র চরজব্বর অঞ্চল ও চট্টগ্রাম বিভাগ অঞ্চলের সমন্বয়ক পরিতোষ দেবনাথ।
তিন পর্বের এ আয়োজনের দ্বিতীয় অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করা হয়। পরে চরবাগ্যা ভূমিহীন সাংস্কৃতিক দলের পরিবেশনায় গণনাটক মঞ্চস্থ হয়।
সম্মেলন বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন ‘নিজেরা করি’র চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সমন্বয়ক খাইরুল ইসলাম, রামগতি অঞ্চলের অঞ্চল সমন্বয়ক স্বপ্না রানী বিশ্বাস, চরজব্বর অঞ্চলের হিসাবরক্ষক সিরাজুল ইসলাম ও আফরোজা বেগম।















Leave a Reply