নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চারজনকে মাদক কারবারের অভিযোগে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৪১ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। একই রাতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও মাদক সেবনের অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত পুলিশি তথ্য অনুযায়ী, উপজেলার ধানসিঁড়ি ও সুন্দলপুর ইউনিয়নের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারের অভিযোগে চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ধানসিঁড়ি ইউনিয়নের দক্ষিণ জগদানন্দ গ্রামের মো. আবুল বাশার (৫২) ও জাহিদুর রহমান ফারুক (৪৫)। অন্য দুজন হলেন সুন্দলপুর ইউনিয়নের উত্তর সুন্দলপুর গ্রামের নাহিদুল ইসলাম ফাহিম (২৬) ও আবু বক্কর সিদ্দিক ওরফে রুবেল (৩৬)।
পুলিশের অভিযানে তাদের কাছ থেকে মোট ১৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির নগদ অর্থ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশের রেকর্ডপত্র যাচাইয়ের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আটক চারজনের বিরুদ্ধেই এর আগে কবিরহাট থানায় মাদক ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।
এদিকে একই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত এবং মাদক সেবনের অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে ওই রাতের অভিযানে মোট আটজনকে গ্রেপ্তার করে পুলিশ।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, মাদক কারবারের অভিযোগে আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
স্থানীয় পর্যায়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক কারবার ও সরবরাহ বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করছেন সচেতন মহল।















Leave a Reply