নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী:
নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজের ছয় দিন পর মাটিচাপা অবস্থায় উদ্ধার হওয়া শ্রমিক দল নেতা মোহাম্মদ রাসেল (৩২) হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর সাবেক স্ত্রী, সাবেক স্ত্রীর বোন ও বর্তমান স্বামীকে আটক করেছে এসআরবি-১১।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এসআরবি-১১-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু সংবাদ সম্মেলনে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
আটক ব্যক্তিরা হলেন নিহত রাসেলের সাবেক স্ত্রী ফারজানা আক্তার মুক্তা (২৬), তাঁর বোন নাদিয়া সুলতানা রত্না (২৫) এবং মুক্তার বর্তমান স্বামী মো. সেলিম (২৫)।
নিহত রাসেল চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়ন শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
এসআরবি-১১-এর প্রাথমিক তদন্ত ও সংবাদ সম্মেলনের তথ্য অনুযায়ী, প্রায় ১০ থেকে ১২ বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে রাসেলের সঙ্গে মুক্তার বিয়ে হয়। তাঁদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। পরবর্তীতে সেলিমের সঙ্গে মুক্তার সম্পর্ককে কেন্দ্র করে তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ দেখা দেয়। একপর্যায়ে রাসেলকে তালাক দিয়ে চলতি বছরের অক্টোবর মাসে সেলিমকে বিয়ে করেন মুক্তা।
এসআরবি-১১ জানায়, গত ৬ নভেম্বর রাতে মোবাইল ফোনে রাসেলকে তাঁদের বাড়িতে ডেকে নেন মুক্তা। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে অন্যদের সহযোগিতায় রাসেলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে হত্যার ঘটনা আড়াল করতে তাঁর মরদেহ কম্বল দিয়ে মুড়িয়ে পাশের একটি পরিত্যক্ত ঘরে মাটিচাপা দেওয়া হয়।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) পুলিশ ওই পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে চাটখিল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার যাত্রাবাড়ীর কদমতলা এলাকা থেকে মুক্তা ও রত্নাকে এবং পরবর্তীতে চট্টগ্রামের ডবলমুরিং এলাকা থেকে সেলিমকে আটক করা হয়।
শুক্রবার দুপুরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক তিনজনকে চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।
Noakhali Khabar Express সত্যের সন্ধানে অবিচল।















Leave a Reply