নিজস্ব প্রতিবেদক | নোয়াখালী খবর এক্সপ্রেস
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে জাতীয় সংসদে আলোচনা চলাকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। তাঁর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সংসদে হট্টগোল করেন এনসিপির সংসদ সদস্যরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে বাড়িতে আগুন লেগেছে সেখানে নুসরাত বা তাঁর বাবা-মা বসবাস করতেন না। তাঁর বাবা-মা ওই বাড়ি থেকে প্রায় ২০ মিটার দূরে অন্য একটি তিনতলা ভবনে থাকেন।
একপর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই বাড়িতে ‘দুইটা ছাগল থাকত’। তাঁর এই মন্তব্যের পরপরই এনসিপির সংসদ সদস্যরা প্রতিবাদ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান।
আগুনের ঘটনায় নাহিদ ইসলামের অভিযোগ
সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বাইরে থেকে কিছু নিক্ষেপের পর বাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে। তাঁর দাবি, বাড়িটি পরিত্যক্ত ছিল না; সেখানে তত্ত্বাবধায়কের পরিবার ও নুসরাতের আত্মীয়স্বজন বসবাস করতেন।
নাহিদ আরও অভিযোগ করেন, ঘটনার আগে নুসরাতকে কয়েক দিন ধরে ফোনে হামলার হুমকি দেওয়া হয়েছিল। এ বিষয়ে তিনি ঘটনার দুই দিন আগে থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন বলে সংসদে জানান।
তিনি হামলাকারীদের শনাক্ত, গ্রেপ্তার এবং বিচারের বিষয়ে সরকারের কাছে জবাব চান।
তদন্তের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তাধীন। তদন্ত শেষ হওয়ার আগে এটিকে পরিকল্পিত অগ্নিসংযোগ হিসেবে চিহ্নিত করা ঠিক হবে না।
তিনি জানান, ঘটনার কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস, বেসামরিক প্রশাসন, পুলিশ ও বিজিবির সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় ১২ নভেম্বর একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং তদন্ত চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আবার দুর্ঘটনাজনিত কারণে আগুন লাগলে সেটিও তদন্তে উঠে আসবে।
সংসদে উদ্বেগ প্রকাশ ডেপুটি স্পিকারের
ঘটনাটি নিয়ে সংসদে আলোচনার একপর্যায়ে ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, ঘটনার রাতেই তিনি বিষয়টি জানতে পারেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট কয়েকজন মন্ত্রীকে ফোন করার চেষ্টা করলেও তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি বলে সংসদে উল্লেখ করেন।
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো তদন্তাধীন। এ ঘটনায় কারা জড়িত, তা তদন্তের ফলাফলের ওপর নির্ভর করছে।















Leave a Reply