আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রয়টার্সের দেখা একটি চিঠির বরাতে বলা হয়, শেখ হাসিনার আইনজীবীরা তাঁর পক্ষে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর আবেদন করেছেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁদের ধারণা। এ অবস্থায় বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে নতুন পরিচয়পত্র ও পাসপোর্ট ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাইকমিশনের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার ইচ্ছার কথাও তিনি রয়টার্সকে জানিয়েছেন। তাঁর দেশে ফেরার নির্দিষ্ট তারিখ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর জানানো হবে বলে তাঁর সহযোগীরা জানিয়েছেন।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে।
সূত্র: বার্তা সংস্থা রয়টার্স।
নোয়াখালী খবর এক্সপ্রেস














Leave a Reply