NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত, ভগ্নিপতি গুরুতর আহত

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে জমির সীমানা প্রাচীর ভাঙাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে শহীদুল ইসলাম মোনা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভগ্নিপতি আবদুল্লাহ আল মামুন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের করইতলা গ্রামের নাদু মুহুরী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মোনা ওই বাড়ির আব্দুল খালেক ভুলু মিয়ার ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জমির সীমানা প্রাচীর ভাঙাকে কেন্দ্র করে একই বাড়ির কয়েকজনের সঙ্গে মোনার বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় পক্ষ। এতে মোনা ও তাঁর ভগ্নিপতি আবদুল্লাহ আল মামুন ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, এ ঘটনায় একই বাড়ির আরমান হোসেন রিমন, আবুল হোসেন ও মো. আবুল কাশেম জড়িত রয়েছেন।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শহীদুল ইসলাম মোনাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আবদুল্লাহ আল মামুনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নোয়াখালী খবর এক্সপ্রেস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *