নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে অভিযান চালিয়ে ৬২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক ও একটি মোবাইল ফোনসহ সৈয়দ নুর (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮৬ লাখ টাকা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সেনবাগ থানাধীন কাবিলপুর ইউনিয়নের ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে ‘সেনবাগ রাস্তার মাথা’ নামক স্থান থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ৬২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত নীল রঙের একটি পোটন (POTON) মিনি ট্রাক জব্দ করা হয়েছে। যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ড-১২-৭৫৮৪। এ ছাড়া একটি পুরোনো আইটেল (ITEL) স্মার্টফোনও জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার সৈয়দ নুরের বিরুদ্ধে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার নম্বর ০২, তারিখ ৫ নভেম্বর ২০২৬। জিআর নম্বর ১৭৩।
পুলিশ জানায়, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(গ)/৩৮/৪১ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামিকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদক পরিবহনের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্তের বিষয়।
নোয়াখালী খবর এক্সপ্রেস















Leave a Reply