নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার ৭ নম্বর ধর্মপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আশ্রাফ ডাক্তারের প্রজেক্ট এলাকায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় বাসিন্দারা। বালু উত্তোলনের কারণে মসজিদ ও বসতবাড়িতে ফাটল দেখা দেওয়ার অভিযোগ তুলে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই প্রজেক্ট এলাকায় বালু উত্তোলন ও বিক্রির কার্যক্রম চলছে। উত্তোলিত বালু বিভিন্ন স্থানে বিক্রি করার পর একই জায়গা পুনরায় বালু দিয়ে ভরাট করা হচ্ছে। এতে আশপাশের জমি, বসতবাড়ি ও ধর্মীয় স্থাপনা ঝুঁকির মুখে পড়েছে।
এলাকাবাসীর দাবি, বালু উত্তোলনের স্থান থেকে দায়রা বাড়ি মসজিদের দূরত্ব মাত্র ১৫ ফুট। মাঝখানে একটি রাস্তা রয়েছে। তাঁদের অভিযোগ, মসজিদ ও আশপাশের কয়েকটি বসতঘরে ইতোমধ্যে ফাটল দেখা দিয়েছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, ওই প্রজেক্ট থেকে অতীতে বাজারের বড় দিঘি, মাদ্রাসার জায়গাসহ বিভিন্ন স্থানে বালু সরবরাহ ও বিক্রি করা হয়েছে। বর্তমানে আশপাশের আরও দুটি জমি ভরাটের কাজ চলছে।
মানববন্ধনে অংশ নেওয়া বাসিন্দারা অভিযোগ করেন, বালু উত্তোলনের প্রতিবাদ করতে গেলে তাঁদের ভয়ভীতি দেখানো হয় এবং মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়। ফলে অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে অবিলম্বে বালু উত্তোলন বন্ধ, অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ক্ষতিগ্রস্ত মসজিদ ও বসতবাড়ির অবস্থা সরেজমিন পরিদর্শন এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এলাকাবাসীর দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় মসজিদ ও বসতবাড়ির আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা।
নোয়াখালী খবর এক্সপ্রেস















Leave a Reply