নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর মাইজদীতে মাদারল্যান্ড নামে একটি বেসরকারি হাসপাতালের পরিচালকের কক্ষ থেকে ৮ থেকে ৯ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে মাইজদী শহরের মধুসূদনপুর এলাকার হাসপাতাল রোডে অবস্থিত মাদারল্যান্ড হাসপাতালে চুরির বিষয়টি জানাজানি হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার (১২ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে হাসপাতালের পরিচালক (অর্থ) ফারুক আল হুসাইন দিনের কাজ শেষে ১০১ নম্বর কক্ষে হাসপাতালের আয়ের নগদ টাকা ড্রয়ার ও কাঠের লকারে রেখে তালাবদ্ধ করে বাসায় চলে যান।
পরদিন মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি কক্ষে প্রবেশ করে কাগজপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। এ সময় ড্রয়ারের তালা ভাঙা ছিল। পরে খোঁজ নিয়ে সেখানে রাখা ৮ থেকে ৯ লাখ টাকা চুরি হওয়ার বিষয়টি জানতে পারেন।
অভিযোগ অনুযায়ী, জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা কক্ষে প্রবেশ করে এ চুরির ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় হাসপাতালের পরিচালক ফারুক আল হুসাইন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, চুরির বিষয়টি পুলিশ জানতে পেরেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












Leave a Reply