সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। বরং তাঁর মৃত্যুর বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য দাবি করে প্রচারিত একটি ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে শনাক্ত করেছে ফ্যাক্টচেকিং সংস্থা ডিসমিসল্যাব।
সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট ও ফটোকার্ডে দাবি করা হয়, ভারতের দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনার মৃত্যু হয়েছে। কোনো কোনো পোস্টে হাসপাতালের নাম উল্লেখ করে মৃত্যুর খবর প্রচার করা হয়। এমনকি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে মৃত্যুর তথ্য জানিয়েছে—এমন দাবিও করা হয়।
তবে ডিসমিসল্যাবের ২৬ নভেম্বর প্রকাশিত ফ্যাক্টচেক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের একটি প্রকৃত ব্রিফিংয়ের ভিডিও সম্পাদনা করে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে। মূল ব্রিফিংয়ে শেখ হাসিনার মৃত্যুর বিষয়ে কোনো বক্তব্য ছিল না। সেখানে প্রত্যর্পণ-সংক্রান্ত একটি প্রশ্নের জবাব দেওয়া হয়েছিল।
ফ্যাক্টচেক সংস্থাটি জানায়, ভাইরাল ভিডিওটি এআই শনাক্তকরণ টুলে পরীক্ষা করে ভিডিও ও অডিও—দুটিই কৃত্রিমভাবে তৈরির উচ্চ সম্ভাবনা পাওয়া গেছে। ফলে ভিডিওতে প্রচারিত মৃত্যুর ঘোষণা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকৃত বক্তব্য নয়।
এদিকে রিউমর স্ক্যানারও শেখ হাসিনার মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন ফটোকার্ড, স্ক্রিনশট ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট যাচাই করে একাধিক দাবিকে ভুয়া বা বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করেছে।
২৭ নভেম্বর প্রকাশিত সরকারি ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্মের অনুসন্ধানেও শেখ হাসিনার মৃত্যুর দাবিকে ভিত্তিহীন ও অসত্য বলা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তির মৃত্যু বা শারীরিক অবস্থা নিয়ে তথ্য ছড়ানোর আগে নির্ভরযোগ্য সংবাদমাধ্যম, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এবং স্বীকৃত ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানের তথ্য যাচাই করা জরুরি। যাচাই ছাড়া এমন সংবেদনশীল তথ্য শেয়ার করলে জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে।














Leave a Reply