কবিরহাট (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান, একটি চায়ের দোকান ও একটি সিএনজি গ্যারেজ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মালামাল ও স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ২ নম্বর সুন্দরপুর মডেল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রামনাথপুর গ্রামের মোস্তার দোকান বাজারে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। গভীর রাতে আগুন দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাজারের একটি মুদি দোকান, একটি চায়ের দোকান এবং একটি সিএনজি গ্যারেজ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এতে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে অগ্নিকাণ্ডে মোট কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
হঠাৎ ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জীবিকা ও ব্যবসা পরিচালনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন।














Leave a Reply