NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

টুঙ্গিপাড়ায় একসঙ্গে বিএনপির ৬ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলীয় কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে বিএনপির ছয় নেতা একযোগে পদত্যাগ করেছেন।

বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার পাটগাতী ইউনিয়নে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা নিজ নিজ পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

সকাল ১০টার দিকে গিমাডাঙ্গা নতুন বাজারে বোরহানের দোকানে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে পদত্যাগের সিদ্ধান্ত জানান তাঁরা।

পদত্যাগকারী ছয় নেতা হলেন—পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সদস্য মো. আফজাল শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ এবং সদস্য মোহাম্মদ জামাল মোল্লা।

লিখিত বক্তব্যে তাঁরা জানান, ইউনিয়ন বিএনপির বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সন্তুষ্ট হতে না পারায় স্বেচ্ছায় দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের দাবি, এ সিদ্ধান্তের পেছনে কারও চাপ, প্ররোচনা বা প্রভাব ছিল না।

এ ছাড়া ভবিষ্যতে বিএনপি কিংবা দলটির কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত না থাকার কথাও জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান জানিয়েছেন, ছয় নেতার পদত্যাগের বিষয়টি তাৎক্ষণিকভাবে তাঁর জানা নেই। খোঁজ নিয়ে বিষয়টি দেখবেন বলে জানান তিনি।

ঘটনাটি ঘিরে স্থানীয় বিএনপির সাংগঠনিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *