নোয়াখালী প্রতিনিধি | ২৪ নভেম্বর ২০২৬
নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়ার চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করতে মঙ্গলবার (২৪ নভেম্বর) তিনি সেখানে যান।
সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। পরে বেলা ১১টা ৩০ মিনিটে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে।
স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর তিন শাখার বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’। এই মহড়ার চূড়ান্ত পর্যায়ের অনুশীলন সরাসরি পর্যবেক্ষণ করবেন সরকারপ্রধান।
মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে।
অনুশীলন পর্যবেক্ষণের পাশাপাশি প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখবেন। এ সময় তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমও পরিদর্শন করার কথা রয়েছে।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে জাহাইজ্জার চর নামেও পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
মহড়া ও সংশ্লিষ্ট কর্মসূচি শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
NOAKHALI KHABAR EXPRESS (NKE)
















Leave a Reply