জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেও ছয় মাস, ১০ মাস, এমনকি কয়েক বছর পর্যন্ত সেবা না পাওয়ার অভিযোগ উঠেছে। এ ধরনের পরিস্থিতিতে বিব্রত হওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিইসি জানান, প্রতিদিন তাঁর কাছে এনআইডি-সংক্রান্ত একাধিক আবেদন আসে। এসব আবেদনে নাগরিকদের দীর্ঘদিন অপেক্ষা, সেবা না পাওয়া এবং বিভিন্ন ধরনের ভোগান্তির অভিযোগ উঠে আসে।
তিনি বলেন, এনআইডি সেবায় হয়রানি ও দুর্নীতি বন্ধে নির্বাচন কমিশন জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে চায়। নাগরিকদের যেন অপ্রয়োজনীয় কাগজপত্র ও দাপ্তরিক জটিলতার কারণে ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়ে কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সিইসি আরও বলেন, আবেদন জমা দেওয়ার পর আবেদনকারীকে দ্রুত বার্তার মাধ্যমে তা জানাতে হবে। কোনো কাগজপত্রের ঘাটতি থাকলে সেটিও স্পষ্টভাবে জানাতে হবে। প্রয়োজনে আবেদনকারীর জন্য মেমো বা সিরিয়াল নম্বরের ব্যবস্থা করতে হবে, যাতে তিনি নিজের আবেদনের অগ্রগতি জানতে পারেন।
তিনি বিশেষভাবে উল্লেখ করেন, দেশের অনেক বয়স্ক ও সাধারণ নাগরিক প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত নন। তাই শুধু অনলাইনে আবেদন বা এনআইডি ডাউনলোডের নির্দেশনা দিলেই দায়িত্ব শেষ হয় না। তাঁদের সুবিধা বিবেচনায় নিয়ে সেবা সহজ করতে হবে।
এনআইডি সেবায় দীর্ঘসূত্রতা, দুর্নীতি ও নাগরিক হয়রানি বন্ধ করে দ্রুত এবং সহজে সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধান নির্বাচন কমিশনার।
















Leave a Reply