নোয়াখালী | ২৪ নভেম্বর ২০২৬
নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে হেলিকপ্টারে করে তাঁর স্বর্ণদ্বীপে পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
সফরকালে প্রধানমন্ত্রী তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটের অংশগ্রহণে অনুষ্ঠিত যৌথ সামরিক অনুশীলনের চূড়ান্ত পর্ব প্রত্যক্ষ করবেন। পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনী এবং অনুশীলনস্থলের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখবেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে।
এ অনুশীলনে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জানিয়েছেন, মহড়া ও নির্ধারিত কর্মসূচি পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটিই প্রথম সফর। স্থানীয়ভাবে দ্বীপটি জাহাইজ্জার চর নামেও পরিচিত।
তথ্যসূত্র: বাসস ও বিভিন্ন সংবাদমাধ্যম।
NOAKHALI KHABAR EXPRESS (NKE)
















Leave a Reply