সারাদেশ | ২২ নভেম্বর ২০২৬
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। দানসিন্দুক থেকে পাওয়া এই অর্থ মসজিদটির ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। নগদ টাকার পাশাপাশি পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার।
শনিবার (২১ নভেম্বর) সকালে মসজিদের ১৫টি লোহার দানবাক্স খোলা হয়। সেখান থেকে পাওয়া টাকা ৫১টি বস্তায় ভরে মসজিদ কমপ্লেক্সের দোতলায় নেওয়া হয়। পরে প্রশাসনের তত্ত্বাবধানে শুরু হয় গণনার কাজ। প্রায় ১৫ ঘণ্টা ধরে গণনা শেষে রাত সাড়ে ১০টার দিকে টাকার চূড়ান্ত পরিমাণ জানা যায়।
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা গণনার কার্যক্রম তদারকি করেন। এতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, মসজিদ ও জেলা প্রশাসনের কর্মীরা অংশ নেন। নিরাপত্তার দায়িত্বে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এর আগে গত ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স খুলে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল। সে সময় ১৩টি দানবাক্স থেকে ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। এবার প্রায় পাঁচ মাস পর ১৫টি দানবাক্স খুলে ৫১ বস্তা টাকা পাওয়া গেল।
মসজিদ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নগদ অর্থের পাশাপাশি এবারও বিভিন্ন দেশের মুদ্রা এবং স্বর্ণ-রুপার অলংকার পাওয়া গেছে। এসব সামগ্রীর মূল্য পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।
কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদটি দীর্ঘদিন ধরে দেশজুড়ে পরিচিত। দূরদূরান্ত থেকে মানুষ এখানে মানত ও ধর্মীয় বিশ্বাস থেকে দান করতে আসেন। মসজিদের দান থেকে পাওয়া অর্থ ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যয়, মাদ্রাসা ও এতিমখানার কার্যক্রম এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হয়।
এবারের দানের পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
নোয়াখালী খবর এক্সপ্রেস (NKE)















Leave a Reply