NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

৩০ বছরেও গড়ে ওঠেনি বিদ্যালয়, শিক্ষার আলো থেকে বঞ্চিত চর মাকসুমুলের শিশুরা

দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্কুলে যেতে হয় শিশুদের, মেয়েদের শিক্ষাজীবন নিয়ে বাড়ছে উদ্বেগ

নোয়াখালী প্রতিনিধি:

একটি শিশুর হাতে থাকার কথা বই-খাতা, চোখে থাকার কথা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর মাকসুমুল গ্রামের অনেক শিশুর শৈশব কাটছে বিদ্যালয়ের বাইরে। প্রায় তিন দশক ধরে জনবসতি গড়ে উঠলেও এখনো সেখানে প্রতিষ্ঠিত হয়নি কোনো প্রাথমিক বিদ্যালয়। ফলে প্রাথমিক শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে রয়েছে এলাকার শিশুরা।

সরেজমিনে দেখা যায়, গ্রামের কোথাও শিশুরা খোলা মাঠে খেলাধুলা করছে, কেউ ঘুরে বেড়াচ্ছে বাজারের আশপাশে। অথচ বয়স অনুযায়ী এই সময় তাদের বিদ্যালয়ের শ্রেণিকক্ষে থাকার কথা। কিন্তু নিজ গ্রামে শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় অনেক শিশুর নিয়মিত পড়াশোনা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার উপকূলীয় মোহাম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত চর মাকসুমুল গ্রাম। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ৩০ বছর আগে এখানে মানুষের বসতি গড়ে ওঠে। বর্তমানে গ্রামটিতে তিনটি বাজার রয়েছে। এর মধ্যে কামাল বাজার তুলনামূলক বড়। জনবসতি ও বাজার গড়ে উঠলেও শিক্ষাপ্রতিষ্ঠান, উন্নত যোগাযোগব্যবস্থা, স্যানিটেশন এবং প্রয়োজনীয় নাগরিক সুবিধার ঘাটতি রয়ে গেছে।

বিদ্যালয় দূরে, ভোগান্তিতে শিক্ষার্থীরা

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামটিতে বসবাসকারী কয়েকজন শিক্ষিত মানুষের শিক্ষাজীবনও ছিল বেশ কষ্টকর। তাঁদের প্রায় ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাশের আক্তার মিয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরক্লার্ক উচ্চ বিদ্যালয় কিংবা চরক্লার্ক ইসলামিয়া দাখিল মাদরাসায় গিয়ে পড়াশোনা করতে হয়েছে।

দীর্ঘ পথ, দুর্বল যোগাযোগব্যবস্থা এবং যাতায়াতের বাড়তি খরচের কারণে অনেক পরিবারের পক্ষে সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে দরিদ্র ও কৃষিনির্ভর পরিবারগুলোকে এ নিয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে।

মেয়েদের শিক্ষাজীবন নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা

গ্রামে শিক্ষাপ্রতিষ্ঠান না থাকার কারণে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে মেয়েশিশুদের শিক্ষাকে ঘিরে। দূরবর্তী বিদ্যালয়ে প্রতিদিন যাতায়াতের অসুবিধা, নিরাপত্তা নিয়ে পরিবারের উদ্বেগ এবং সামাজিক বাস্তবতার কারণে অনেক অভিভাবক মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা রাশেদুল হাসান বলেন, প্রায় ৩০ বছর আগে তাঁরা এখানে বসতি গড়ে তুলেছেন। নিজেদের শ্রমে গাছপালা কেটে বসবাসের উপযোগী করেছেন। কিন্তু এত বছরেও এলাকায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি। সন্তানদের পড়াশোনার জন্য দূরে পাঠাতে হয়। তিনি চান, তাঁদের সন্তানরা নিজ গ্রামেই শিক্ষার সুযোগ পাক।

স্থানীয় বাসিন্দা হোসনা বানু বলেন, ছেলেদের কোনোভাবে দূরের বিদ্যালয়ে পাঠানো গেলেও মেয়েদের নিয়ে বেশি দুশ্চিন্তা হয়। প্রতিদিন এত দূরের পথ পাড়ি দিয়ে তাদের বিদ্যালয়ে পাঠানো সম্ভব হয় না। অনেক সময় আত্মীয়স্বজনের বাড়িতে রেখে পড়াশোনা করাতে হয়। গ্রামে একটি বিদ্যালয় থাকলে মেয়েদের লেখাপড়া নিয়ে এত চিন্তা করতে হতো না।

স্থানীয় যুবক আহসান উল্যাহ বলেন, একটি এলাকার উন্নয়নের অন্যতম প্রধান শর্ত শিক্ষা। কিন্তু তাঁদের গ্রামের শিশুরা জন্মের পর থেকেই শিক্ষার সুযোগের ক্ষেত্রে পিছিয়ে পড়ছে। দূরত্ব ও যোগাযোগ সমস্যার কারণে অনেক পরিবার সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে পারছে না।

যোগাযোগব্যবস্থাও বড় বাধা

শিক্ষাপ্রতিষ্ঠানের অভাবের পাশাপাশি গ্রামটির যোগাযোগব্যবস্থা নিয়েও রয়েছে অভিযোগ। স্থানীয় কৃষক আবুল কালাম জানান, কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করলেও উৎপাদিত ফসল বাজারে নিতে তাঁদের অনেক কষ্ট হয়। প্রায় ১০ কিলোমিটার দূরে ফসল নিয়ে যেতে হয়। ভালো রাস্তা না থাকায় কখনো পায়ে হেঁটে, আবার কখনো বাড়তি টাকা খরচ করে ফসল পরিবহন করতে হয়।

স্থানীয়দের মতে, শিক্ষা ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন না হলে চর মাকসুমুল গ্রামের নতুন প্রজন্মের পিছিয়ে পড়ার আশঙ্কা থেকেই যাবে।

প্রশাসনের বক্তব্য

এ বিষয়ে সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রতন চন্দ্র মজুমদার জানান, চর মাকসুমুল গ্রামে প্রাথমিক বিদ্যালয় না থাকার বিষয়টি তাঁদের জানা নেই। সেখানে কতজন প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিযোগ্য শিশু রয়েছে, তারা কোথায় পড়াশোনা করছে এবং বিদ্যালয় প্রতিষ্ঠার বাস্তব প্রয়োজনীয়তা কতটুকু—এসব বিষয় যাচাই করা হবে। শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকারি নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান জানান, চর মাকসুমুল গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠান, যোগাযোগব্যবস্থা ও ভূমিসংক্রান্ত সমস্যাগুলো খোঁজ নিয়ে দেখা হবে। বিশেষ করে শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগের সঙ্গে আলোচনা করা হবে।

বিদ্যালয়ের অপেক্ষায় একটি জনপদ

শিক্ষা একটি শিশুর ভবিষ্যৎ গঠনের প্রধান ভিত্তি। অথচ একটি গ্রামে তিন দশক ধরে বসতি থাকার পরও প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত না হওয়া স্থানীয়দের জন্য বড় আক্ষেপের বিষয়।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ ও প্রশাসন দ্রুত সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে চর মাকসুমুল গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে—এমনটাই তাঁদের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *