NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

সাভারে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

ঢাকা: ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকার সাভারে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। একই সঙ্গে শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে সাভারের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। সকাল সাড়ে ৯টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় শ্রমিকরা জড়ো হন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় আন্দোলনরত শ্রমিকদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

অন্যদিকে, সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইবনে ফরহাদ জানান, একেএইচসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও বিজিবি কাজ করছে।

সাভার হাইওয়ে থানার সংশ্লিষ্ট কর্মকর্তারাও জানান, যান চলাচল স্বাভাবিক করা এবং যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বেলা ১১টা পর্যন্ত শ্রমিকদের অবরোধ অব্যাহত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *