NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

কারাগারে স্বাস্থ্যঝুঁকির কথা জানিয়ে বিচারপতিদের কাছে ইমরান খানের চিঠি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে নিজের চিকিৎসা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে স্ত্রী বুশরা বিবির উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য দেশটির উচ্চ আদালতের বিচারপতিদের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) দেশটির সুপ্রিম কোর্ট, ফেডারেল সাংবিধানিক আদালত ও ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে পাঠানো এক খোলা চিঠিতে এসব উদ্বেগ তুলে ধরেন ইমরান। তাঁর আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন।

চিঠিতে ইমরান দাবি করেন, দীর্ঘদিন ধরে কারাগারে বিচ্ছিন্ন অবস্থায় থাকায় তাঁর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি হয়েছে। তাঁর ডান চোখের দৃষ্টিশক্তির ৮৫ শতাংশ নষ্ট হয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি। গত ১০ নভেম্বর রক্তচাপ বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোর কথাও জানান।

কারাগারে দৈনিক প্রায় ২২ ঘণ্টা নির্জন প্রকোষ্ঠে থাকতে হচ্ছে বলে অভিযোগ করেন ইমরান। পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগও সীমিত বলে চিঠিতে উল্লেখ করেন তিনি। গত এক বছরে আইনজীবীর সঙ্গে মাত্র চারবার সাক্ষাতের অনুমতি পেয়েছেন বলেও দাবি করেন।

স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়েছেন তিনি। ইমরানের ভাষ্য অনুযায়ী, চোখের সমস্যার কারণে বুশরার দৃষ্টিশক্তি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

চিঠিতে ইমরান আরও দাবি করেন, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট তাঁর স্বাস্থ্য পরীক্ষা ও হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন। তবে সেই নির্দেশ এখনো বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ তাঁর।

ইমরান বলেন, আদালতের কাছে বিশেষ কোনো সুবিধা নয়, বরং আগের নির্দেশনা কার্যকর এবং নিজের ও স্ত্রীর যথাযথ চিকিৎসা নিশ্চিত করাই তাঁর প্রত্যাশা। একই সঙ্গে দেরি হওয়ার আগেই ন্যায়বিচার পাওয়ার আবেদন জানান তিনি।

তথ্যসূত্র: ডন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *