নোয়াখালী খবর এক্সপ্রেস | জাতীয়
অনিয়মিতভাবে ইউরোপে প্রবেশ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আরও ৪৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত আসাদের মধ্যে ৪০ জন গ্রিস থেকে এবং চারজন সাইপ্রাস থেকে এসেছেন।
বুধবার (১১ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা, খাবার, প্রাথমিক কাউন্সেলিং এবং নিজ নিজ এলাকায় ফেরার জন্য আর্থিক সহায়তা দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এ কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্প সহযোগিতা করছে।
ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, ফেরত আসা ৪৪ জনের মধ্যে একজন নারী রয়েছেন। পরবর্তী সময়ে কাউন্সেলিং ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের পুনর্বাসন এবং আত্মকর্মসংস্থানে সহায়তা দেওয়া হবে।
তিনি জানান, চলতি বছরের তথ্য অনুযায়ী, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশের ক্ষেত্রেও বাংলাদেশিরা উল্লেখযোগ্য সংখ্যায় রয়েছেন। এ ধরনের বিপজ্জনক যাত্রায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে।
শরিফুল হাসান আরও বলেন, ইউরোপের দেশগুলো অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। অনিয়মিত পথে প্রবেশকারীদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করে দ্রুত দেশে ফেরত পাঠানোর প্রবণতা বাড়ছে। ফলে বিপুল অর্থ ব্যয় করেও অনেককে শেষ পর্যন্ত দেশে ফিরতে হচ্ছে।
ফেরত আসাদের মধ্যে এমন একজনও রয়েছেন, যিনি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে অনিয়মিত পথে ইউরোপ যাওয়ার বিষয়ে অন্যদের উৎসাহিত করতেন বলে জানান তিনি।
সংশ্লিষ্টদের মতে, দালালের প্রলোভনে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইউরোপ যাত্রা না করে দক্ষতা অর্জন এবং বৈধ অভিবাসনের পথ বেছে নেওয়া জরুরি।
উল্লেখ্য, এর আগে গত ২৩ অক্টোবর ইতালি ও গ্রিস থেকে আরও ৩৫ বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়েছিল। ২০১৭ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের স্বাক্ষরিত চুক্তির আওতায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন।
নোয়াখালী খবর এক্সপ্রেস

















Leave a Reply