নোয়াখালী খবর এক্সপ্রেস | জাতীয়
সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও দপ্তরে শূন্য থাকা ৫ লাখের বেশি পদ পূরণে নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। এ লক্ষ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি তিন ধাপের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারীদের পরিসংখ্যান-২০২৫ অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি বিভিন্ন দপ্তরে মোট ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য ছিল।
এসব পদ পূরণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং শূন্যপদ পূরণে সময়ভিত্তিক কর্মপরিকল্পনা তৈরির কথাও জানানো হয়েছে।
তিনি আরও জানান, বিভিন্ন দপ্তরে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। অতীতে যেসব নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে বা নির্দিষ্ট প্রমাণ পাওয়া যাবে, সেগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি চাকরির শূন্যপদের তথ্য প্রতি ছয় মাস পরপর হালনাগাদ করা হয়। বর্তমানে নতুন করে তথ্য সংগ্রহের কাজ চলছে। বছরের শেষ নাগাদ কতজনকে নিয়োগ দেওয়া সম্ভব হয়েছে, সে বিষয়ে সংসদকে অবহিত করার আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
তথ্যসূত্র: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বক্তব্য।
নোয়াখালী খবর এক্সপ্রেস
















Leave a Reply