নোয়াখালী খবর এক্সপ্রেস | শিক্ষা
দেশের বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য নতুন নীতিমালা প্রকাশ করেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স কমপক্ষে ৬ বছর হতে হবে।
নীতিমালা অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিশুর জন্মতারিখ হতে হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে। অর্থাৎ ২০২৭ সালের ১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর বয়স ৬ বছর পূর্ণ হতে হবে।
জন্মনিবন্ধন সনদ বাধ্যতামূলক
ভর্তির আবেদনের সঙ্গে শিক্ষার্থীর অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীর বয়স যাচাই করা হবে।
তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমায় পাঁচ বছরের অতিরিক্ত শিথিলতার সুবিধা রাখা হয়েছে।
প্রতি শ্রেণিতে সর্বোচ্চ ৫৫ জন
নীতিমালায় আরও বলা হয়েছে, প্রতিষ্ঠানের প্রবেশ শ্রেণি থেকে শুরু করে আসন খালি থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে। প্রতিটি শ্রেণি বা শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী রাখার বিধান নির্ধারণ করা হয়েছে।
ভর্তি পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিকে সভা করতে হবে। একই এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যেন একই দিনে ভর্তি পরীক্ষা না পড়ে, সে জন্য সংশ্লিষ্ট থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পরামর্শ নেওয়ার নির্দেশনাও রয়েছে।
নতুন নীতিমালার মাধ্যমে ভর্তি কার্যক্রমে শৃঙ্খলা, স্বচ্ছতা এবং শিক্ষার্থীদের বয়স অনুযায়ী শিক্ষাজীবন শুরু করার সুযোগ নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
নোয়াখালী খবর এক্সপ্রেস
















Leave a Reply