NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

কোম্পানিগন্জে মাদ্রাসা ছাত্রের রহস্য জনক মৃত্যু, ঘিরে নানা প্রশ্ন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর আগে মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে মারধরের সঙ্গে মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত শিক্ষার্থীর নাম আরফাত হোসেন ওরফে আদিব (১০)। সে কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের ইয়াকুব আলী মাঝি বাড়ির মো. সাহাব উদ্দিনের ছেলে। আদিব স্থানীয় দারুস সালাম মডেল মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ শিব্বির আহমেদের বিরুদ্ধে আদিবকে মারধরের অভিযোগ ওঠে। পরিবারের দাবি, ওই ঘটনার পর থেকেই শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং এরপর আর মাদ্রাসায় যায়নি।

পরিবারের অভিযোগের বিষয়টি জানার পর মাদ্রাসার পরিচালক দেলোয়ার হোসেন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন। তিনি শিশুটির শরীরে আঘাতের দাগ দেখেছেন বলে জানান। তবে পরিচালকের বক্তব্য অনুযায়ী, শিশুটি আগে থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র দেখতে চাইলেও তা তাকে দেখানো হয়নি বলে তিনি দাবি করেন।

সোমবার (৯ নভেম্বর) সকালে নিজ বাড়িতে আদিবের মৃত্যু হয়। পরে বিকেলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ সময় শিশুটির পা ও ঘাড়ে আঘাতের চিহ্ন পাওয়া যায় বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবীবুর রহমান।

ওসি জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন স্বজনরা।

শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা এবং মৃত্যুর সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের ফলাফল ও ময়নাতদন্তের প্রতিবেদনেই স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *