নোয়াখালী প্রতিনিধি | Noakhali Khabar Express
নোয়াখালীবাসীর দীর্ঘদিনের রেলযাত্রার ভোগান্তি কমাতে বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। লাকসাম থেকে নোয়াখালী পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার রেলপথ পুনর্বাসন, বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নে প্রায় ৪০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা-নোয়াখালী রুটে নতুন আন্তনগর ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর চৌমুহনী রেলস্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণকাজ পরিদর্শনকালে এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম ও নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
সিনিয়র সচিব জানান, নোয়াখালী ও চৌমুহনী অঞ্চলের বিভিন্ন রেলস্টেশনের প্ল্যাটফর্ম ছোট হওয়ায় যাত্রীদের ট্রেনে ওঠানামায় দুর্ভোগ পোহাতে হয়। এ সমস্যা সমাধানে প্ল্যাটফর্মের বিপরীত পাশে ৩০০ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের নতুন অংশ সম্প্রসারণের কাজ শুরু হয়েছে।
এ সম্প্রসারণকাজ শেষ হলে একসঙ্গে ১৬টি কোচবিশিষ্ট ট্রেনের যাত্রীরা নিরাপদে ওঠানামা করতে পারবেন। পাশাপাশি প্ল্যাটফর্মের মেঝে পেভিং, অ্যাকসেস কন্ট্রোল ব্যবস্থার অসম্পূর্ণ কাজ সম্পন্ন এবং স্টেশন ভবন ও শেডের সৌন্দর্যবর্ধন করা হবে।
তিনি আরও জানান, নোয়াখালীবাসীর যাতায়াত সুবিধা বাড়াতে বন্ধ হয়ে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস পুনরায় চালু এবং নতুন বরাদ্দ পাওয়া আন্তনগর ‘সুবর্ণচর এক্সপ্রেস’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে, রেলপথ আধুনিকায়নের বিষয়ে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম জানান, লাকসাম থেকে নোয়াখালী পর্যন্ত ৪৮ থেকে ৫০ কিলোমিটার রেলপথ পুনর্বাসনে প্রায় ৪০ কোটি টাকার একটি প্যাকেজের দরপত্র গত ৫ নভেম্বর আহ্বান করা হয়েছে।
প্রকল্পের আওতায় ক্ষয়প্রাপ্ত রেলপাত ও স্টিল স্লিপার পরিবর্তন, নতুন পাথর স্থাপন, রেললাইনের ফিটিংস আধুনিকায়ন, ব্যাংক প্রটেকশন ওয়াল নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিংগুলোর মানোন্নয়ন করা হবে।
ঢাকা-নোয়াখালী রুটে নতুন ট্রেন চালুর ক্ষেত্রে মিটারগেজ ইঞ্জিনের সংকটকে বড় বাধা হিসেবে উল্লেখ করেন তিনি। তবে চট্টগ্রাম-দোহাজারী প্রকল্পের আওতায় প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে ৩০টি নতুন মিটারগেজ লোকোমোটিভ কেনার দরপত্র আহ্বান করা হয়েছে। প্রতিটি ইঞ্জিনের আনুমানিক মূল্য প্রায় ৫০ কোটি টাকা।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে নতুন ইঞ্জিন ও কোচ রেলবহরে যুক্ত হলে উপকূল এক্সপ্রেসের বহর আধুনিকায়নের পাশাপাশি ‘সুবর্ণচর এক্সপ্রেস’ চালুর কার্যক্রমও পুরোপুরি প্রস্তুত করা সম্ভব হবে।
নতুন ট্রেন চালু ও রেলপথ আধুনিকায়নের এ উদ্যোগ বাস্তবায়িত হলে নোয়াখালীবাসীর দীর্ঘদিনের রেল যোগাযোগসংক্রান্ত ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
















Leave a Reply