নোয়াখালী প্রতিনিধি | নোয়াখালী খবর এক্সপ্রেস
নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫৯ জনকে আটক করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (৪ নভেম্বর) নোয়াখালী জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, আটক ৫৯ জনের মধ্যে দুজনের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৩৪ ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে। বাকি ৫৭ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
থানাভিত্তিক অভিযানের মধ্যে হাতিয়া থানায় সর্বোচ্চ ২৪ জনকে আটক করা হয়। এ ছাড়া সুধারাম মডেল থানায় ১০ জন, চাটখিল থানায় ১০ জন, বেগমগঞ্জ মডেল থানায় পাঁচজন, কোম্পানীগঞ্জ থানায় পাঁচজন, কবিরহাট থানায় তিনজন এবং চরজব্বর থানায় দুজনকে আটক করা হয়।
বেগমগঞ্জ মডেল থানায় আটক পাঁচজনের মধ্যে দুজনের বিরুদ্ধে ৩৪ ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নোয়াখালী খবর এক্সপ্রেস















Leave a Reply