NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

জানুয়ারিতে নতুন বেতন পেতে পারেন পোশাক শ্রমিকরা, ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে কাঠামো

নিজস্ব প্রতিবেদক | নোয়াখালী খবর এক্সপ্রেস

পোশাক শ্রমিকদের দীর্ঘদিনের বেতন বৃদ্ধির দাবি বাস্তবায়নে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যেই পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি কাঠামো চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ড। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী জানুয়ারি থেকে নতুন কাঠামোতে বেতন পেতে পারেন শ্রমিকরা।

বুধবার (৪ নভেম্বর) মজুরি বোর্ডের প্রথম বৈঠক শেষে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী সপ্তাহে বোর্ডের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা নিজ নিজ দাবি ও প্রস্তাব লিখিতভাবে উপস্থাপন করবেন। ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো নির্ধারণ ও কার্যকরের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

এদিকে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছেন, এবার মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় অযথা বিলম্ব করা হবে না। দ্রুততম সময়ের মধ্যে নতুন নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ করা হবে।

বৈঠকে শ্রমিকদের উৎপাদন কার্যক্রম সচল রাখতে কাজে ফিরে আসার আহ্বান জানানো হয়। পাশাপাশি শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকার কাজ করছে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, পোশাক শ্রমিকদের চলমান বিক্ষোভ ও অসন্তোষের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।

সূত্র: সংশ্লিষ্ট বৈঠকের তথ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *