নোয়াখালী প্রতিনিধি:
কৃষিজমি রক্ষায় কঠোর অবস্থানে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা প্রশাসন। কৃষিজমিতে অবৈধভাবে ইটভাটা স্থাপন ও ইট তৈরির জন্য জমি থেকে মাটি কাটার অভিযোগে তিনটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট তিন মালিককে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার চরজব্বর ইউনিয়নের পশ্চিম চরজব্বর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে পপুলার ব্রিকস, তাহেরা ব্রিকস ও জহুরা ব্রিকসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানগুলোর মালিক আব্দুল আজিজ, শাহাদাত হোসেন ও জামাল উদ্দিনকে পৃথকভাবে ২ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইট উৎপাদনের কাঁচামাল সংগ্রহে কৃষিজমির মাটি ব্যবহার এবং কৃষিজমিতে ইটভাটা স্থাপনের অপরাধে সংশ্লিষ্ট আইনে এ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে গড়ে ওঠা ভাটাগুলোর স্থাপনা ভেঙে দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং জানান, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমি নষ্ট করে ইটভাটা স্থাপন কিংবা মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক রায়হান মোর্শেদ, চরজব্বর থানা পুলিশ, ব্যাটালিয়নের সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা অংশ নেন।















Leave a Reply