NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন গ্যাসের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিসিএফ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। কূপটির দুটি জোনে মোট ৯৭ দশমিক ৬৯ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাসের মজুদ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (২ নভেম্বর) অগ্নি প্রজ্বলনের মাধ্যমে কূপটিতে গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

বাপেক্সের তথ্যমতে, ভোক্তা পর্যায়ের হিসাবে এই গ্যাসের আনুমানিক মূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা। কূপটি থেকে প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। আগামী ২০ বছর পর্যন্ত কূপটি থেকে গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সরকার ও বাপেক্সের নিজস্ব অর্থায়নে কূপটির খননকাজ সম্পন্ন হয়েছে। বাপেক্সের ত্রিমাত্রিক সিসমিক সার্ভের প্রতিবেদনের ভিত্তিতে কূপটি খননের উদ্যোগ নেওয়া হয়।

বাপেক্সের বিজয়-১০ রিগ ব্যবহার করে চলতি বছরের ৮ জুলাই সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খননকাজ শুরু হয়। ৩ হাজার ২৮৯ মিটার গভীরতা পর্যন্ত খনন সম্পন্ন করা হয়েছে।

সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কূপটিতে তেল বা অন্য কোনো পদার্থ রয়েছে কি না, তা জানতে আগামী ১৫ দিন পর্যবেক্ষণ ও ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা করা হবে।

নতুন এই গ্যাসের সন্ধান নোয়াখালীসহ দেশের জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *