NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

হাতিয়ায় পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, হাতকড়াও নিয়ে যায় স্বজনেরা

নোয়াখালীর হাতিয়া উপজেলায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ হত্যা মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বজনদের বিরুদ্ধে।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজাম উদ্দিন (৫৫) নামের ওই ব্যক্তি সুখচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর আমানউল্লাহ গ্রামের মৃত ছায়েদল হকের ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য। ২০২৫ সালে হাতিয়া থানায় দায়ের করা একটি হত্যা মামলার তিন নম্বর আসামি তিনি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানা গেছে।

শুক্রবার সন্ধ্যায় হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) বারীর নেতৃত্বে পুলিশের একটি দল রামচরণ বাজারে অভিযান চালিয়ে এনসিপি কার্যালয়ের সামনে থেকে তাঁকে আটক করে। পরে তাঁকে নিয়ে যাওয়ার সময় তাঁর স্বজনেরা পুলিশের পথরোধ করেন। একপর্যায়ে পুলিশের কাছ থেকে তাঁকে ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের হাতকড়াটিও নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

ঘটনার পর হাতিয়া থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে। পরে সুখচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হলেও রাত পর্যন্ত তাঁকে পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার কিছু সময় পর তাঁর স্বজনেরা পুলিশের হাতকড়াটি বাজারে ফিরিয়ে দেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, নিজাম উদ্দিনকে গ্রেপ্তারের পর ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। এ সুযোগে তিনি পালিয়ে যান। তাঁকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নোয়াখালী খবর এক্সপ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *