NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

বেগমগঞ্জে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি | নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর বেগমগঞ্জে কামরুল হাসান (২৪) নামে এক তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ওই তরুণকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ছিনিয়ে নেওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড় নেওয়াজপুর গ্রামের আক্কাছ পাটোয়ারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত কামরুল হাসান ওই এলাকার মো. ইউছুফের ছেলে। পেশায় তিনি একজন দর্জি। কাজের সুবাদে চট্টগ্রামে থাকলেও কয়েক দিন আগে ছুটিতে বাড়িতে আসেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে খালাতো ভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাহাদুরপুর গ্রামের এক পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন কামরুল। পথে বড় নেওয়াজপুর এলাকায় পৌঁছালে কয়েকজন তাঁদের গতিরোধ করেন। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ রয়েছে। এতে কামরুল আহত হন। পরে তাঁর মোটরসাইকেলটি নিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, কামরুলের এক হাতের বাহুতে বুলেটের আঘাত রয়েছে। পেটের ওপরের অংশেও বুলেটের মতো আঘাত দেখা গেছে। তবে সেখানে কোনো বুলেট পাওয়া যায়নি।

এদিকে, ঘটনার পর ছিনিয়ে নেওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

নোয়াখালী খবর এক্সপ্রেস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *