মাইজদীতে ৪টি চোরাই মোটরসাইকেলসহ আন্তজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
অনলাইন ডেস্ক, নোয়াখালী খবর এক্সপ্রেস
মাইজদী: নোয়াখালী জেলা শহরের মাইজদীতে চারঘাট বাউন্ডারি ও আন্তজেলা চোর চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আজ (১৪ অক্টোবর) নোয়াখালী পৌরসভার ০৪নং ওয়ার্ডের মাইজদী মোহাম্মদিয়া হোটেলের সামনের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১. মিজানুর রহমান (২৫): লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ১২নং চরশাহী ইউপির রামপুর (কাশিয়ার বাড়ী) এলাকার ওসমান গনির ছেলে।
২. জামাল উদ্দিন (৪৭): নোয়াখালী জেলার চরজব্বর থানার ০১নং চরজব্বর ইউপির পশ্চিম চরজব্বর (কাশেম মিয়ার বাড়ী) এলাকার আবুল কাশেমের ছেলে।
৩. মোঃ রাজিব (২৭): একই এলাকার পশ্চিম চরজব্বর (আনোয়ার সর্দার বাড়ী) এলাকার জাকের আহাম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাইজদী মোহাম্মদিয়া হোটেলের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই তিনজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে চোরাই মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা একটি সংঘবদ্ধ আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে নোয়াখালী, লক্ষ্মীপুরসহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি ও কেনাবেচার সাথে জড়িত ছিল।
এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।












Leave a Reply