NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

চরমটুয়ার ৭ বছরের শিশু নুহার রহস্যজনক মৃত্যু, তদন্ত করছে পুলিশ

নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মাইসা ইলহান নুহা (৭) নামে এক শিশুশিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে মাহতাপুর গ্রামের একটি বাড়ির পেছনে সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নুহা জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেনের মেয়ে। সে চরমটুয়া ইউনিয়নের মাহতাপুর নূরানী মাদ্রাসার প্রথম জামাতের শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, সোমবার সকালে নুহা মাদ্রাসায় যায়। দুপুরে বাড়িতে ফিরে খাবার খেয়ে আবার মাদ্রাসায় যায়। বিকেলে মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা একটি বাড়ির পেছনে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সুধারাম মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি মৃত্যুর কারণ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে শিশুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। হত্যাকাণ্ড বা ধর্ষণেরও সুস্পষ্ট আলামত মেলেনি বলে জানান তিনি।

মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাত বছরের শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নুহার মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *