NKE-নোয়াখালী খবর এক্সপ্রেস

নোয়াখালীর সর্বশেষ সংবাদ ও খবর

শিরোনাম: সোনাইমুড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, খামারিদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, টিকাদান ও স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা হিজবুল বাহার ভূঞা, উপজেলা কৃষি কর্মকর্তা নুরে আলম ছিদ্দিকী, সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) আরিফুন করিম দোলনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক পদ্ধতিতে পশুপালন, রোগ প্রতিরোধ এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের গুরুত্ব তুলে ধরা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম হারুন-অর-রশিদ বলেন, প্রাণিসম্পদ খাতকে আধুনিক, উৎপাদনমুখী, নিরাপদ ও রপ্তানিমুখী হিসেবে গড়ে তুলতে খামারিদের প্রযুক্তিগত সহায়তা, রোগ প্রতিরোধ, উন্নত জাত সম্প্রসারণ এবং মানসম্মত উৎপাদন নিশ্চিত করতে প্রাণিসম্পদ দপ্তর কাজ করছে।

আয়োজনের অংশ হিসেবে খামারিদের জন্য বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসাসেবা ও টিকাদান কার্যক্রমের পাশাপাশি স্কুল ফিডিং কর্মসূচিও রাখা হয়।

সংশ্লিষ্টদের মতে, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পশুপাখির রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো জরুরি। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে খামার ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *